ঝুলন্ত মেঘের মরম তার চোখে দেখাচ্ছে একরাশ ভয়
এতাবৎ দৌড়িয়ে বহুদূর অধুনা জ্যামে পড়ে গেছে তার সকল ফানুস কিছুতেই আর কিছু হওয়ার নয়, তার মতামত এমত স্থিরত্বে- সংবাদপত্রেই শুধু মেলে সফল মানুষ। আহা উহু করে সমব্যথীরা "আরে ভাই সব কিছু যোগাযোগ-ফসল কুলীন হতে লাগে ভাগ্যচক্র, কৌলীন্যই আসল.."
এ হেন উপপাদ্য সমেত সে পৌঁছয় দ্বিতীয় প্রহরে সেদিন খর রোদে মেঘেরা উধাও শ্মশানঘাটের চারপাশে ব্যক্তিগত বাষ্প আরও আছে, পচা পাঁক, মহার্ঘভোজনে মত্ত কাক.. তারই মাঝে উন্নতশির, টুকরো জীবনবীর যেন ছিল ওৎ পেতে, একান্তে অতর্কিতে নজর কাড়ল তার ছোট্ট একটি ফুল।
"মনে হচ্ছে হয়েছে কোথাও ভুল.." সে থমকে দাঁড়ায় মধ্যপথে অবস্থিতি, পিছনে চিতায় স্বপ্নের অঙ্গার অবশেষ তবু যেন নিয়তি, নির্ধারিত আলাপনে ঘটাল বিরতি- সে মাথা তোলে মাথা ঠেকে নির্ভার আকাশের ছাদে সেদিন মেঘেরা ঠোঁটে করে নিয়ে গেছে সব সংবাদপত্র ব্যক্তিগত যত কৌলিক উপাখ্যান তাই সহসা সে খুঁজে পায় নেবুকাডনেজারের বাগান আহ্ সঙ্গে বাতাসে সুর, ভাসে বৃন্দগান অলৌকিক কোরাস বলে, "সব ফুল অক্ষয়, হৃদয়-ঝরণায় করো ধারাস্নান.."
তার গল্প শুধু এইটুকু জানা যায় বাকিটুকু তবে লেখা যাক কানে শোনা কথায় সে একছুটে ফিরে এসেছিল চিতার সামনে মুঠিতে অঙ্গার নিয়ে করেছিল অঙ্গীকার "নবজন্ম নিলাম ফের, দেখ চিতা, আরও একবার এই নাও নববর্ষ, তোমায়ও দিলাম উপহার ফের আমি ওড়াচ্ছি ফানুস মগ্নধীর আগামীর এক সফলসুন্দর মানুষ"।